
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সোশ্যাল ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) বিকাল ৩টায় বড় পাথার ও চোপিনগর এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের যৌথ সহযোগিতায় মোট ৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উন্নতমানের বোরো ধান বীজ বিতরণ করা হয়।
কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ শাহজাহান রেজা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোসাদ্দেক হোসেন শাওন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোছা. তাহেরা ইয়াসমিন ও মোঃ মোস্তাফিজার রহমান।
কর্মসূচির সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট এর সাবেক গবেষক ড. আলমগীর হোসেন এর পক্ষে নির্বাহী পরিচালক আসলাম হোসাইন।
প্রধান অতিথি কৃষকদের হাতে ব্রি ধান-১০২ ও ব্রি ধান-১০৮ জাতের উন্নতমানের বীজ তুলে দেন এবং কৃষি উন্নয়নে আপন সোশ্যাল ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
কর্মসূচিতে সার্বিকভাবে সহযোগিতা করেন উক্ত এলাকার কৃষক হারুন ইসলাম এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্য আব্দুর রউফ, মোঃ রাহেল ইসলাম, মোঃ মানিক মিয়া ও আসিফ আহমেদ।
আপন সোশ্যাল ফাউন্ডেশন শুধু কৃষি খাতেই নয়, মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কাজেও দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।




