৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

জামায়াতের সমাবেশ শুরুর আগেই সোহরাওয়ার্দীতে নেতা-কর্মীদের ঢল

spot_img

৭ দফা দাবিতে রাজধানী ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে নেতা-কর্মীদের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ ঘণ্টা আগেই দলটির নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানের বাইরে হাজার হাজার জামায়াতের নেতা-কর্মীরা অবস্থান করছেন।

শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এ চিত্র দেখা গেছে।

সমাবেশকে ঘিরে দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতা-কর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতা-কর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লাও শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট, পাঞ্জাবি পরেও এসেছেন অনেক নেতা-কর্মী ও সমর্থক।

প্রথমবারের মতো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। দলের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতা-কর্মীরা। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতা-কর্মীরা। মেট্রোরেলেও জামায়াতের নেতা-কর্মীদের ভিড় দেখা গিয়েছে।

দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, এই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে জামায়াত। আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্যের পাশাপাশি গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে। সমাবেশে বড় ধরনের জমায়েত নিশ্চিত করতে রেলপথ, নৌপথ ও সড়কপথে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে দলটি।

জামায়াত আরও জানিয়েছে, এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা, মৌলিক সংস্কার, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ইত্যাদি।

এর আগে গত বৃহস্পতিবার জামায়াতে ইসলামী সংবাদ সম্মেলন করে জানায়, সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সমাবেশে তারাও বক্তব্য দেবেন।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ