১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জিলহজ, ১৪৪৭ হিজরি

পানামাকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিল ব্রাজিল

spot_img
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি শুরু হয়ে গেছে ব্রাজিলের। রিও ডি জেনেরিওর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে গোল উৎসব করেছে তারা। পানামাকে গুনে গুনে ৬ গোল দিয়েছে তারা। বিপরীতে দুটি গোল হজম করেছে, যার একটি ছিল আত্মঘাতী।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র দ্বিতীয় মিনিটে গোল করেন। তবে খেলার ধারার বিপরীতে একটি ধাক্কা খায় তারা। পানামার মাইকেল মুরিলোর একটি ফ্রি-কিক ব্রাজিলের মাথিউস কুনহার গায়ে লেগে ডিফ্লেক্টেড হয়ে জালে জড়ালে ১-১ গোলে সমতা ফেরে।
সমতায় ফেরার ধাক্কা দ্রুতই সামলে নেয় ব্রাজিল। অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরো দুর্দান্ত গোল করে দলকে আবারও লিড এনে দেন। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
বিরতির পর পানামার রক্ষণভাগকে রীতিমতো ধসিয়ে দেন ব্রাজিলের ফরোয়ার্ডরা। প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করেন তরুণ তুর্কি রায়ান। এরপর লুকাস পাকেতার একটি শট পানামার কর্দোবার গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়।
ম্যাচের শেষের দিকে পেনাল্টি থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে ব্রাজিলের হয়ে পঞ্চম গোলটি করেন ইগর থিয়াগো। এরপর দলের হয়ে শেষ পেরেকটি ঠোকেন ডিফেন্ডার দানিলো। প্রতিপক্ষের ডি-বক্সে চমৎকার এক টার্ন নিয়ে দারুণ ফিনিশিংয়ে ষষ্ঠ গোল করেন তিনি।​
​ম্যাচে পুরোপুরি কোণঠাসা হয়ে পড়লেও পানামার হার্ভে একটি চোখধাঁধানো দূরপাল্লার শটে ব্রাজিলের জাল কাঁপিয়ে নিজেদের দ্বিতীয় গোলটি উদযাপনের সুযোগ করে দেন।​
তবে পুরো ম্যাচে ব্রাজিলের পাসিং ও ক্লিনিক্যাল ফিনিশিংয়ের সামনে তারা পাত্তাই পায়নি। ম্যাচে ব্রাজিলের মোট শট ছিল ১৪টি এবং এক্সপেক্টেড গোলস ছিল ২.২৬। আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও কৌশল ঝালিয়ে নেওয়ার এই ট্যাকটিক্যাল লড়াইয়ে পুরো স্কোয়াডকেই দারুণভাবে ব্যবহার করেছেন ব্রাজিল কোচ।
পানামার বিপক্ষে এই ম্যাচের পর আগামী ৭ জুন মোহামেদ সালাহর মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপরই শুরু হবে আসল মিশন। আগামী ১৪ জুন ‘সি’ গ্রুপে থাকা মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। এরপর ২০ জুন দ্বিতীয় ম্যাচে হাইতি এবং ২৫ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।

সর্বাধিক জনপ্রিয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন -spot_img

সর্বশেষ