
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম জানান, ২৫ ডিসেম্বর পর্যন্ত বগুড়া-১ আসনে ৪ জন, বগুড়া-২ আসনে ৬ জন, বগুড়া-৩ আসনে ৪ জন, বগুড়া-৪ আসনে ৪ জন, বগুড়া-৫ আসনে ৭ জন, বগুড়া-৬ আসনে ৪ জন এবং বগুড়া-৭ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
একাধিক রাজনৈতিক দলের সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি আসনেই বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উল্লেখযোগ্যভাবে, গত ২১ ডিসেম্বর বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলীয় প্রতিনিধিরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়াও জেলার অন্যান্য আসনগুলোতে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
অন্যদিকে, গতকাল (২৫ ডিসেম্বর) বগুড়া-৬ (সদর) আসনে শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর আগের দিন বগুড়া-৪ (নন্দীগ্রাম-কাহালু) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ মনোনয়নপত্র উত্তোলন করেন।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বগুড়ায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৪১ হাজার ৬৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ লাখ ৬০ হাজার ৪৩০ জন, নারী ভোটার ১৪ লাখ ৮১ হাজার ১৭৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৩৯ জন। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ৯৮৩টি।
এদিকে মনোনয়নপত্র উত্তোলনের মধ্য দিয়ে বগুড়ার নির্বাচনী মাঠে ধীরে ধীরে প্রচারণা জমে উঠতে শুরু করেছে। আগামী দিনগুলোতে আরও প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।




