
আব্দুল্লাহ আল রাহাত , ইবি প্রতিনিধি।
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ১৮০টি বৃক্ষরোপণ করা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলা বিভাগের উদ্যোগে এবং কলা অনুষদের সাবেক ডীন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের নেতৃত্বে এই কর্মসূচি পালন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবন, ব্যবসায় প্রশাসন ভবন, ক্রিকেট মাঠ ও জিমনেসিয়াম সংলগ্ন এলাকায় পলাশ ও শিমুল গাছ রোপণ করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল হোসেন, ইংরেজি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান এবং বাংলা বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ বলেন, "পৃথিবী ধ্বংসের জন্য তৃতীয় বিশ্বযুদ্ধের প্রয়োজন নেই। আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছি, প্রকৃতি নিজেই প্রতিশোধ নেবে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে কম কিছু হবে না। পরিবেশ রক্ষায় আমাদের প্রতিটি মানুষের ভূমিকা থাকতে হবে এবং গাছ লাগানো এর একটি গুরুত্বপূর্ণ অংশ।"
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর উচিত বিশ্ববিদ্যালয় থেকে বিদায়ের আগে একটি করে গাছ লাগানো। এতে করে তারা যখনই পরবর্তীতে ক্যাম্পাসে আসবে, সেই গাছের মধ্যে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখতে পাবে, এবং প্রকৃতি রক্ষায় তাদের অবদান অমলিন থাকবে।”
এ উদ্যোগের মাধ্যমে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন ও পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধও জাগ্রত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।