মোঃ মুঞ্জুরুল ইসলাম রিপন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ১৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৪ মে) রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। এ সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। পাশাপাশি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের অন্যান্য সুবিধাও ভোগ করবেন।
এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রয়োজনে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
এর আগে অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বিশ্ববিদ্যালয়ে হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, শিক্ষক সমিতির সভাপতি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মতিনুর রহমান বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামের কৃতিসন্তান।