ফজরের নামাজ শেষে সাধারণত মনের প্রশান্তি নিয়েই মসজিদ থেকে বের হন মুসল্লিরা। কিন্তু নীলফামারীর সৈয়দপুর-এ এক ইমামকে পড়তে হলো ভিন্ন এক অভিজ্ঞতায়। নামাজ শেষ করে বাইরে এসে দেখেন, তাঁর সখের মোটরসাইকেল উধাও! তবে চোরও যেন ছিল ‘মানবিক’—হুজুরকে হেঁটে বাড়ি ফিরতে না দিয়ে নিজের পুরোনো একটি বাইসাইকেল রেখে গেছে ঘটনাস্থলে।
সোমবার (১৮ মে) ভোরে শহরের নিয়ামতপুর জুম্মাপাড়া জামে মসজিদের সামনে ঘটে এই ব্যতিক্রমী চুরির ঘটনা। আর তা ঘিরে এলাকায় শুরু হয়েছে হাস্যরস, কৌতূহল ও চাঞ্চল্য।
ক্ষতিগ্রস্ত ইমাম আবদুর রাজ্জাক প্রতিদিনের মতোই ভোরে তাঁর ১২৫ সিসির মোটরসাইকেল নিয়ে মসজিদে আসেন। মসজিদের সামনে বাইকটি রেখে ফজরের নামাজে ইমামতি করেন। কিন্তু নামাজ শেষে বাইরে বের হয়ে তিনি দেখেন, নির্ধারিত স্থানে আর তাঁর মোটরসাইকেল নেই। সেখানে পড়ে আছে একটি পুরোনো, জরাজীর্ণ বাইসাইকেল।
ঘটনাটি দেখে হতভম্ব হয়ে যান মুসল্লিরাও। পরে খোঁজ নিয়ে জানা যায়, ফেলে যাওয়া বাইসাইকেলটি স্থানীয় কারও নয়; সেটি সম্ভবত চোরেরই বাহন ছিল।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত মুসল্লি সাইদুর রহমান মজার ছলে বলেন, “চোর মনে হয় সাইকেল চালিয়ে এসে হুজুরের মোটরসাইকেল দেখে আর লোভ সামলাতে পারেনি। তাই নিজের সাইকেল রেখে বাইক নিয়ে গেছে!”
তবে ঘটনাটি নিয়ে এলাকায় হাস্যরস তৈরি হলেও মোটরসাইকেল হারিয়ে বেশ বিপাকে পড়েছেন ইমাম আবদুর রাজ্জাক। পরে তিনি সৈয়দপুর থানা-য় লিখিত অভিযোগ দায়ের করেন।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে এক সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা গেছে। তাকে গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধারে পুলিশ কাজ করছে।
এখন এলাকাবাসীর একটাই প্রশ্ন—চোরের ‘বাইক চালানোর শখ’ শেষ হতে আর কতদিন লাগে!