বগুড়ার শাজাহানপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ উত্তরবঙ্গের শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মো. রবিউল ইসলাম ওরফে ভোটকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সন্ধ্যায় শাজাহানপুর উপজেলার চোপীনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। আটক রবিউল ইসলাম ভোট খোট্রাপাড়া ইউনিয়নের জোকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে চোপীনগর ইউনিয়ন পরিষদের সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। অসুস্থবোধ করায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।