ভারতের ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটির নাম এমভি ওশান-উইনার। এতে ২০ জন চীনা, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি নাবিক ছিলেন। জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে যাচ্ছিল।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে ওড়িশার পারাদ্বীপ বন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করে এমভি ওশান-উইনার। জাহাজটিতে প্রায় ১ হাজার ৭০০ টন লৌহ আকরিক ছিল।
শনিবার (২২ আগস্ট) বেলা ১১টা ৪৮ মিনিটের দিকে শ্রী বিজয়পুরমের মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানতে পারে। পরে জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিক্টরি স্টার গ্রুপ কোম্পানি লিমিটেড যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার তথ্য জানিয়ে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে সহায়তার অনুরোধ করে।
জাহাজটি ডুবে যাওয়ার খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে কোস্ট গার্ডের ‘ভারাদ’ ও ‘অনমোল’ নামে দুটি জাহাজ পাঠানো হয়েছে। পাশাপাশি শ্রী বিজয়পুরম থেকে ‘বিজিত’ নামে আরও একটি জাহাজ উদ্ধার অভিযানে যুক্ত হয়েছে।
ভারতীয় কোস্ট গার্ড জানিয়েছে, এখন পর্যন্ত একটি লাইফ র্যাফট থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে অন্য নাবিকদের অবস্থান সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে জানিয়েছেন, দুর্ঘটনাস্থলের আশপাশে থাকা অন্যান্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার জন্য তাদেরও অনুরোধ জানানো হয়েছে।
উদ্ধারকারী দল নিখোঁজ নাবিকদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে।