
এসবি ক্রীড়া ডেস্ক : চলতি বিশ্বকাপের শুরুটা একদমই ভালো হয়নি পাকিস্তানের। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে সুপার ওভারে ও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬ রানে হেরে সুপার এইটে যাওয়ার সম্ভবনা অনেকটা ফিকে হয়ে যায় তাদের।এমতাবস্থায় বিশ্বকাপে টিকে থাকার ম্যাচে কানাডাকে ৭ উইকেটে হারালো পাকিস্তান। এ জয়ে কাগজে-কলমে সুপার এইটে যাওয়ার সম্ভাবনা টিকে থাকলো তাদের।
মঙ্গলবার (১১ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় কানাডা। পাকিস্তানি পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি কানাডার ব্যাটাররা। এদিন দলের পক্ষে একাই লড়ে যান ওপেনার অ্যারন জনসন। জনসনের ৫২ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১০৬ রানের পুঁজি পায় কানাডা। অন্যদিকে পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ও হারিস রউফ নেন ২ টি করে উইকেট। আর শাহীন শাহ আফ্রিদি ও নাসিম শাহ্ তুলে নেন ১ টি করে উইকেট।
১০৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। ডিলন হেইলিগারের বলে মাত্র ৬ রানে ফিরে যান ওপেনার সিয়াম আইয়ুব। দ্বিতীয় উইকেট জুটিতে অধিনায়ক বাবর আজমকে নিয়ে ৬৩ রানের জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান। মোহাম্মদ রিজওয়ানের অপরাজিত ৫৩ রানের সুবাদে ১৭.৩ ওভারে ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
৪ ওভারে ১৩ রান খরচায় ২ উইকেট নেওয়া মোহাম্মদ আমির জিতেছেন ম্যাচ সেরার পুরষ্কার।
_সংবাদ বুলেটিন / ইন্দ্রজিৎ_