বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের মামলায় মো. নুর ইসলাম নামে এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বগুড়ার জেলা ও দায়রা জজ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মারুফ হোসেন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মো. নুর ইসলাম বগুড়ার কাহালু উপজেলার আড়োয়া (আবাসন) এলাকার মৃত হবিবর রহমানের ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মার্চ ছয় বছর বয়সী শিশু মোছা. মরিয়ম খাতুন ও সাত বছর বয়সী শিশু মোছা. রিয়ামনিকে ধর্ষণের অভিযোগে নুর ইসলামের বিরুদ্ধে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।
মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত ছয় বছর বয়সী শিশু মরিয়ম খাতুনকে ধর্ষণের ঘটনায় নুর ইসলামকে দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
অন্যদিকে, সাত বছর বয়সী শিশু রিয়ামনিকে ধর্ষণের অভিযোগেও তাকে একই আইনের ধারায় দোষী সাব্যস্ত করে পৃথকভাবে আরও এক মেয়াদে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
আদালতের নির্দেশনা অনুযায়ী, দুই মেয়াদের সাজা পরপর কার্যকর হবে। অর্থাৎ একটি যাবজ্জীবন সাজা ভোগের মেয়াদ শেষ হওয়ার পর অপর সাজা কার্যকর হবে। এছাড়া আদায়কৃত জরিমানার অর্থ দুই ভিকটিম শিশুর মায়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
রায় ঘোষণার পর আদালত থেকে জারি করা সাজা পরোয়ানা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত নুর ইসলামকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।