অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ছাত্র সংসদ সহ কুমিল্লা উত্তর জেলা শিবিরের ৮ দাবি
কুমিল্লা উত্তর জেলা ইসলামি ছাত্র শিবিরের আয়োজনে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় কালাকচুয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে এই র্যালি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চলেছে। র্যালিতে কুমিল্লা উত্তর জেলার ইসলামি ছাত্র শিবিরের নেতা-কর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কুমিল্লা উত্তর জেলা ইসলামি ছাত্র শিবিরের সভাপতি সানাউল্লাহ রাসেল বক্তব্য রাখেন। তিনি বলেন, "বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার ইসলামি ছাত্র শিবিরকে দমিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু শিবিরকে দমানো যায়নি। আমরা বলতে চাই, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া ইসলামি ছাত্র শিবিরকে কেউ দমিয়ে রাখতে পারবে না।
সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ব্যবস্থার সংস্কার, ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠান, খুনি হাছিনার বিচার নিশ্চিতকরণ, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, হাছিনা সরকারের সময়ের সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার এবং এটিএম আজহারসহ সকল রাজবন্দীর মুক্তি।
উল্লেখ্য, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী মূল্যবোধ ও আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে।