ইন্দ্রজিৎ সরদার: সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের একদফা এক দাবিতে অবস্থান কর্মসূচী ও সমাবেশ করেছে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) খুলনা নগরীর প্রাণকেন্দ্র শিববাড়ী মোড়ে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় তারা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়ক অবরোধ করে রাখে। কর্মসূচীতে খুলনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। ঘন্টা খানেক সড়ক অবরোধের পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
কর্মসূচীতে অবস্থানরত শিক্ষার্থীরা বলেন - তাদের এ দাবি যৌক্তিক দাবি। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি হওয়া হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি রাখেন তারা।
তারা আরও বলেন- দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং পরবর্তীতে আরো বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবেন ।