
বুধবার সকালে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়েছিল তারেক রহমানের গুলশান বাসভবনে। সেখান থেকে নেওয়া হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়। জানাজা নামাজকে কেন্দ্র করে সকাল থেকেই সংসদ ভবন এলাকায় দেশের নানা প্রান্ত থেকে দলে দলে নেতাকর্মীসহ সাধারণ মানুষ আসছেন।
নির্বিঘ্নে জানাজায় অংশ নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তরের জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের অংশ ও মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এ সময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি কূটনীতিক এবং বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
দাফনকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জিয়া উদ্যানে সাধারণ জনগণের প্রবেশ সীমিত রাখা হবে। নির্ধারিত ব্যক্তিরাই কেবল সেখানে প্রবেশের অনুমতি পাবেন।