গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলীতে জমির বিরোধের জের ধরে বিদ্যুতের খুঁটিতে বেঁধে ভ্যানচালক সুমন আলী (৩৫) কে বেধরক পেটালো আওয়ামী লীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের রহিমারপাড়া গ্রামে। এ ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
জানা গেছে, গাবতলীর রহিমারপাড়া গ্রামের বিএনপির সমর্থক ভ্যানচালক সুমন আলীর সাথে একই গ্রামের কতিপয় প্রভাবশালী আ.লীগ নেতাকর্মীদের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ ছিল। এরই জের ধরে গত ৫জুন সকাল ৮টায় সুমন আলী স্থানীয় আদুর বাজারে সকালের নাস্তা করতে যায়। নাস্তা শেষে বাড়ী ফেরার পথে ওঁত পেতে থাকা স্থানীয় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মহিদুল ও তার দলবল সুমনের পথরোধ করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে মাথা ও শরীরের বিভিন্নস্থানে এলোপাতারিভাবে মারপিট করে ফোলা-জখম করে। গুরুতর আহত সুমনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। মাথায় আঘাত জনিত কারণে সুমনের ব্রেণের সমস্যা দেখা দিয়েছে বলে পরিবারসূত্র দাবী করেন।
রহিমারপাড়া গ্রামের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সাফি ওরফে বাবলু ব্যাপারী জানান, সুমনের হামলাকারীরা সবাই আ.লীগের সক্রিয় নেতাকর্মী। এ ঘটনায় সুমনের স্ত্রী পলি বেগম বাদী হয়ে ঘটনার রাতেই রহিমারপাড়া গ্রামের আ.লীগ নেতা আমিনুল ইসলাম মহিদুলকে প্রধান করে ৪জনের নাম উল্লেখ করে এবং ২/৩জনকে অজ্ঞাত বলে থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। এজাহারের তদন্তকারী কর্মকর্তা থানার এস আই জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাস্থলে গেছিলাম। তদন্ত রিপোর্টটি থানার ওসির কাছে দাখিল করা হয়েছে। এ ব্যাপারে থানার ওসি রাকিব হোসেন বলেন, এখনো তদন্ত চলছে। আরো নিবিড়ভাবে গোপনে ও প্রকাশ্যে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে