বগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের কৃত্তনিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভুট্টু ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় স্বাধীন (১৮) নামে অপর পক্ষের এক যুবক গুরুতর আহত হয়েছে।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ভুট্টু ইসলাম ওই গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। আহত স্বাধীন আবু সাইদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুট্টু ইসলাম ও তার পরিবার দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ একটি জমি ভোগ দখল করে আসছিলেন। একই জমির মালিকানা দাবি করে আসছিল স্বাধীনদের পরিবার। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
রবিবার সন্ধ্যায় দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ভুট্টু ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্বাধীনকে ভর্তি করা হয়েছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাবতলী থানার ওসি মো. সেরাজুল হক জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তি নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
সারিয়াকান্দী থানার ওসি জামিরুল ইসলাম বলেন, নিহতের শরীরে ধারালো দা’র আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।