বগুড়ার গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নের আটাপাড়া বাজার, আটবাড়িয়া ও কর্মকারপাড়াসহ বিভিন্ন এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টায় বগুড়া-৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম রব্বানীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
গণসংযোগকালে তিনি বিভিন্ন বাজার ও পাড়া-মহল্লায় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
পথসভায় গোলাম রব্বানী বলেন, দীর্ঘদিন ধরে এ জনপদ অবহেলা ও বৈষম্যের শিকার। জনগণের ভোটাধিকার হরণ করে একটি গোষ্ঠী ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। জনগণের রায়ে নির্বাচিত হলে গাবতলী ও শাজাহানপুরকে ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, শ্রমজীবী মানুষ, কৃষক ও তরুণ সমাজ আজ দিশেহারা। ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করতে কাজ করছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল মতিন, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মজিদ, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি তারেকুল ইসলাম তারেক, ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা পূর্ব শাখার অর্থ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সোনারায় ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইফুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা আব্দুল আলীম ও সেক্রেটারি নাসির উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির গাবতলী উপজেলা সভাপতি সৌরভ হোসেন, শাজাহানপুর দক্ষিণ সভাপতি জোবায়ের আহমেদ, পূর্ব সভাপতি সাকিরুল ইসলাম, পীরগঞ্জ সাংগঠনিক থানা সভাপতি আলী হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।