ধুনট (বগুড়া) প্রতিনিধি:
জনদুর্ভোগ লাঘবে নিজেদের উদ্যোগ, অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে দীর্ঘদিনের অবহেলিত একটি গ্রামীণ কাঁচা রাস্তা সংস্কার করে প্রশংসা কুড়িয়েছেন বগুড়ার ধুনট উপজেলা যুবদলের নেতাকর্মীরা।
সোমবার (২৯ জুন) দিনব্যাপী উপজেলার পারলক্ষীপুর-সুলতানহাটা সড়কের প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেন উপজেলা যুবদলের শতাধিক নেতাকর্মী। কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু।
স্থানীয় সূত্রে জানা যায়, পারলক্ষীপুর-সুলতানহাটা গ্রামের গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্ষা মৌসুমে কাদা ও খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
এ অবস্থায় সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে উপজেলা যুবদলের নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজে অংশ নেন। দিনব্যাপী চলা এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন। তাদের এই মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয় ব্যবসায়ী আব্দুল করিম বলেন, রাস্তাটির কারণে প্রতিদিন হাজার হাজার মানুষ ভোগান্তির শিকার হতেন। যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করায় এখন মানুষ অনেক স্বস্তিতে চলাচল করতে পারবেন।
অটোরিকশা চালক মাইদুল ইসলাম বলেন, আগে এই রাস্তা দিয়ে গাড়ি চালাতে গেলে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন রাস্তার অবস্থা অনেক ভালো হয়েছে। এতে দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা করছি।
স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, অনেকদিন ধরে রাস্তাটি খুবই খারাপ ছিল। এখন যাতায়াত অনেক সহজ হয়েছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মাদ আলী জন বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় সাধারণ মানুষের চলাচল কষ্টকর হয়ে উঠেছিল। নতুন করে রাস্তা নির্মাণ না হওয়া পর্যন্ত মানুষের দুর্ভোগ কমাতে আমরা স্বেচ্ছাশ্রমে সংস্কারের উদ্যোগ নিয়েছি। মানুষের পাশে থাকাই আমাদের লক্ষ্য।
উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মধু বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, সম্পূর্ণ জনস্বার্থে নেওয়া একটি উদ্যোগ। ভবিষ্যতেও সাধারণ মানুষের প্রয়োজনের সময় আমরা তাদের পাশে থাকব।
স্থানীয়দের মতে, জনকল্যাণে যুবদলের এই স্বেচ্ছাশ্রমের উদ্যোগ শুধু একটি রাস্তা সংস্কার নয়, বরং সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত রাস্তাটি স্থায়ীভাবে পাকা নির্মাণের উদ্যোগ নেবে।