
এসবি ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলো ভারত।
বুধবার(৫ জুন) নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে মোটেই সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড ক্রিকেট দল। নিয়মিত উইকেট হারিয়ে শুরু থেকেই চাপে পড়ে যায় তারা। নির্ধারিত ২০ ওভারের আগেই (১৬ ওভারে) মাত্র ৯৬ রানে গুটিয়ে যায় তারা। আইরিশদের ওপর প্রথম আঘাতটি হানেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। ইনিংসের তৃতীয় ওভারে তিনি ফেরান দুই ওপেনার পল স্টার্লিং ও অ্যান্ড্রু বালবির্নিকে। দলীয় ৫০ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৮ টি উইকেট। এদিন আইরিশদের হয়ে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন গ্যারেথ ডেলানি। শেষ পর্যন্ত ডেলানির ২৬ রানের সুবাদে এ সংগ্রহ পায় আয়ারল্যান্ড। ভারতের পক্ষে ২৭ রান খরচায় ৩ টি উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। এদিন আরও একবার নিজের বোলিং ঝলক দেখান জাসপ্রীত বুমরাহ। মাত্র ৬ রান দিয়ে তিনি তুলে নেন ২টি উইকেট। এছাড়াও ২ টি উইকেট পেয়েছেন আর্শদীপ সিং। ১টি করে উইকেট পেয়েছেন সিরাজ ও প্যাটেল।
৯৭ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে ভারত। ইনিংসের তৃতীয় ওভারে মার্ক অ্যাডায়ারের বলে মাত্র ১রান করে সাজঘরে ফেরেন ভিরাট কোহলি। নতুন ব্যাটার ঋষভ পন্তকে সাথে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন রোহিত শর্মা। হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর রিটায়ার্ড হার্টে মাঠ ছাড়েন তিনি। শেষ পর্যন্ত পন্তের অপরাজিত ৩৬ রানের সুবাদে ১২.২ ওভারে ৮ উইকেট ৪৬ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় মেন ইন ব্লু রা।
অসাধারণ বোলিং নৈপুণ্যে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন জাসপ্রীত বুমরাহ ।
_এসবি/ইন্দ্রজিৎ_