জয়পুরহাট প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নিজ হাতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় কালাই পৌর শহরের টিএনটি অফিসসংলগ্ন এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে টিএনটি মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণার প্রয়োজন আছে। তবে প্রচারের পাশাপাশি বাস্তব কাজও থাকতে হবে। কাজ করে তা প্রচার করতে হবে। মানুষকে দেখানোর জন্য নয়, কাজকেই প্রাধান্য দিতে হবে। মানুষ দেখবে, আমরা কাজ করছি।’
তিনি বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের যতটুকু প্রচার হওয়ার কথা, তার ৮০ শতাংশও প্রচার হয়নি। তবে শুধু টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখানোর জন্য কাজ করতে চান না তাঁরা। প্রচারের পাশাপাশি বাস্তব কাজের মাধ্যমে মানুষের কাছে কার্যক্রমের সুফল পৌঁছে দিতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে সরকারি কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা নাগরিক ও সামাজিক দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।
অভিযান চলাকালে বাড়ি, কর্মস্থল, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার রোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতারা।
সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে জানা গেছে, পরিচ্ছন্নতা অভিযান সফল করতে উপজেলাজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত এ কার্যক্রম তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।