
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় ধরনের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে একটি ভিডিও প্রকাশ করেছে ভারতে অবস্থিত ইরানের দূতাবাস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, চারজন মিলে ট্রাম্পকে তুলে ‘বিপজ্জনক বর্জ্য’ লেখা একটি পাত্রে ফেলছেন। ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন’। প্রকাশের পর এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলের পরপরই ভিডিওটি প্রকাশ করা হয়। ট্রাম্পকে লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে এটি নতুন ব্যঙ্গাত্মক প্রচার হিসেবে দেখা হচ্ছে।
ব্যঙ্গচিত্র প্রকাশে ইরানি দূতাবাসগুলোর সক্রিয়তা
ট্রাম্পকে ব্যঙ্গ করে ছবি বা ভিডিও প্রকাশের ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছর এক্সে বিভিন্ন দেশের ইরানি দূতাবাসের অ্যাকাউন্ট থেকে এ ধরনের প্রচার চালাতে দেখা গেছে।
ভারতে অবস্থিত ইরানের দূতাবাসও এর আগে একাধিকবার ব্যঙ্গাত্মক ছবি ও ভিডিও প্রকাশ করেছে। যুদ্ধবিরতি ঘোষণার পর দূতাবাসটির প্রকাশিত কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ছবিতে দেখা যায়, ইরানের পতাকা হাতে এক অশ্বারোহীর মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে আছেন ট্রাম্প।