ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষিত বেকারদের জন্য এক বছরের ভাতা চালুর অঙ্গীকার নিয়ে নির্বাচনী প্রচারণা চালাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপি সূত্র জানায়, তরুণ ভোটারদের অগ্রাধিকার দিয়ে প্রচারণা চালাবে দলটি।

তবে দেশের সব জনগোষ্ঠীকে কেন্দ্র করে বিএনপি তাদের প্রচারণায় খাদ্য সহায়তার জন্য ফ্যামিলি কার্ড, বীজ–সার ও অন্যান্য সহায়তার জন্য কৃষক কার্ড এবং চিকিৎসা কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরবে বলে জানিয়েছে সূত্র।

নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সমান সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকারও বিএনপির প্রচারণার অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হবে বলে তারা যোগ করেন।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এসব আলোচনা হয়। শীর্ষ নেতারা দলের সম্ভাব্য প্রচারণা কৌশল নিয়ে এই বৈঠকে পর্যালোচনা করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি বৈঠকে যোগ দেন।

নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, কোন বার্তা ও প্রচারণা পদ্ধতি ভোটারদের বেশি আকৃষ্ট করবে সেটা বোঝার চেষ্টা করছে দল। এজন্য ভোটারদের আচরণ বিশ্লেষণ ও তৃণমূল নেতাকর্মীদের দিকনির্দেশনা দিতে কয়েকটি প্রতিষ্ঠানকে যুক্ত করেছে বিএনপি।

দলের অভ্যন্তরীণ সূত্র জানায়, তরুণ ভোটারদের লক্ষ্য করে দলের সম্ভাব্য স্লোগান হতে পারে ‘তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে পক্ষে হোক’।

সূত্র জানায়, সাতটি প্রধান ইস্যুকে কেন্দ্র করে ঘরে ঘরে গিয়ে সরাসরি ভোটারদের কাছে প্রতিশ্রুতি তুলে ধরার প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

দলীয় নেতারা জানান, খাতগুলো হলো—জলবায়ু ও পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, নারী ক্ষমতায়ন, ক্রীড়া ও ধর্মীয় বিষয়।

তারা আরও বলেন, নির্বাচনী প্রচারণার এই অঙ্গীকার তালিকা দলের ৩১ দফা সংস্কার পরিকল্পনার ভিত্তিতে করা হয়েছে।

সূত্র জানায়, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকটি দল শিগগির মাঠপর্যায়ে কার্যক্রম শুরুর প্রস্তুতি নিচ্ছে।

ক্ষমতায় গেলে বাস্তবায়নযোগ্য বেশকিছু প্রতিশ্রুতি বিএনপির লিফলেটে তুলে ধরা হবে। এর মধ্যে রয়েছে পরিবেশ সুরক্ষা, ৫০ লাখ ফ্যামিলি কার্ড চালু, পাঁচ বছরে পাঁচ কোটি গাছ রোপণ এবং গুরুত্বপূর্ণ খাতে চাঁদাবাজি–দুর্নীতি দমনে বিশেষ উদ্যোগ।

আরও দেখুন
বিনোদন সংবাদ
বিনোদন ম্যাগাজিন
বাংলাদেশ খবর
সংবাদ আর্কাইভ
উন্নয়ন বার্তা
খেলাধুলা আপডেট
সংবাদপত্র আর্কাইভ অ্যাক্সেস
উন্নয়ন বিষয়ক প্রতিবেদন
ক্যাম্পাস জীবন বিষয়ক ব্লগ
ইসলাম ধর্ম

যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) মডেল অনুসরণ করে সর্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ার পরিকল্পনাও প্রচারণায় তুলে ধরবে দলটি।

জলবায়ু ও পানি নিরাপত্তা ইস্যুতে ২০ হাজার কিলোমিটার নদী–খাল পুনরুদ্ধার, কমিউনিটি-ভিত্তিক সেচ ব্যবস্থা পুনরায় চালু এবং আধুনিক তিস্তা ও গঙ্গা ব্যারাজ নির্মাণের প্রতিশ্রুতি থাকবে।

আর্থিক সংকটে থাকা ইমাম–মুয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ নিরসনে বাড়তি উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে।