রোববার (১৯ জুলাই) দুপুরে বন্দরের ৪নং গেটের সামনে থানা মোড়ে এ ঘটনা ঘটে।
মোয়াজ্জেম হোসেন নামের এক স্থানীয় বলেন, সকাল দশটার কিছু আগে হিলি বন্দরের চার নম্বর গেটের সামনে একটি অফিসের বারান্দায় দুটি মেয়ে বসে কান্না করছিল। জিজ্ঞেস করলে তারা জানায় তাদের মা ছোট ভাইকে কোলে নিয়ে চলে গেছে। যাবার সময় বলে গেছে ‘থাকো আমি টাকা নিয়ে আসি। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেনি। আমি তাকে কিছু খাবার কিনে দেই কিন্তু তারা না খেয়ে কান্নাকাটি করছিল। পরে থানা পুলিশকে খবর দেই।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, প্রাথমিকভাবে জানা গেছে- শিশু দুটির বাবা জীবন মাদকাসক্ত, তিনি ঢাকায় থাকেন। অভাব-অনটনের সংসারে মা শাহনাজ ছোট সন্তানকে নিয়ে বড় দুই মেয়ে জিমি ও জান্নাতিকে রাস্তার পাশে রেখে যান। যাওয়ার সময় শিশু দুটিকে বলেন ‘থাকো, টাকা নিয়ে আসি’। এরপর থেকে তাদের মা আর ফিরে আসেননি।
ওসি জানান, শিশু দুটির বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায়। তাদের দাদা-দাদি জীবিত রয়েছে। পরিবারের খোঁজ বের করে নিরাপদে শিশুদেরকে তাদের কাছে হস্তান্তর করা হবে। একই সঙ্গে শিশুদের মায়ের সন্ধানেও কাজ করছে পুলিশ।
