ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় কবরস্থানের মাটি খুঁড়ে ১৫টি কলাগাছ রোপণ করে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় জহুরুল ইসলাম ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন কবরস্থানে স্বজনদের দাফন করা পরিবারের সদস্যরা।
গত ২২ নভেম্বর সকালে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের উত্তর কান্তনগর গ্রামের কান্তনগর জান্নাতুল মাওয়া কবরস্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে উত্তর কান্তনগর গ্রামের বাসিন্দারা সম্মিলিত উদ্যোগে দান-দক্ষিণা ও অর্থ সংগ্রহ করে ১৮ শতক জমি কিনে কান্তনগর জান্নাতুল মাওয়া কবরস্থান প্রতিষ্ঠা করেন। এরপর থেকে গ্রামের বিভিন্ন পরিবারের মৃত ব্যক্তিদের সেখানে দাফন করা হচ্ছে। গত প্রায় ১৩ বছরে কবরস্থানটিতে ৬০ থেকে ৭০ জনের মরদেহ দাফন করা হয়েছে।
অভিযোগে বলা হয়, গত ২২ নভেম্বর একই গ্রামের মুজাম প্রামানিকের ছেলে জহুরুল ইসলাম ও তাঁর লোকজন কবরস্থানের জমি নিজেদের বলে দাবি করেন। একপর্যায়ে কবরস্থানের মাটি খুঁড়ে সেখানে ১৫টি কলাগাছ রোপণ করে জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় কবরস্থানে স্বজনদের দাফন করা পরিবারগুলোর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
কবরস্থানের খাদেম আব্দুল মজিদ বলেন, দীর্ঘদিন ধরে তিনি এ কবরস্থানে কবর খোঁড়ার কাজ করছেন। এ পর্যন্ত প্রায় ৩০টি কবর খুঁড়েছেন। তাঁর বাবাসহ অনেক স্বজনের কবরও এখানে রয়েছে। এত বছর পর হঠাৎ জহুরুল ইসলাম ও তাঁর লোকজন কবরস্থানের জমি দখলের চেষ্টা করছেন। এতে ভবিষ্যতে মৃত ব্যক্তিদের দাফন নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এমনকি কবরস্থানে দাফন করা মরদেহ তুলে নেওয়ার ভয়ভীতিও দেখানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কবরের মাটি খুঁড়ে কলাগাছ রোপণের ঘটনায় তিনি গভীর কষ্ট পেয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে জহুরুল ইসলাম বলেন, তিনি নিজের জমিতেই কলাগাছ রোপণ করেছেন। প্রতিপক্ষের লোকজন জোর করে তাঁদের জমিতে কবরস্থান গড়ে তুলেছেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।