ধুনট (বগুড়া) প্রতিনিধি:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি নেতা আকতার আলম সেলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম ও শিক্ষার্থী উম্মে হাবিবা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।