ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলায় একটি মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ারপাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদ ও সংলগ্ন নান্দিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ আশপাশের ২০০ গজ এলাকায় এ আদেশ কার্যকর থাকবে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন এ আদেশ জারি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নান্দিয়ারপাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদে পূর্বঘোষিত একদিনব্যাপী ওয়াজ মাহফিল আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়। মাহফিলের স্থান নির্ধারণ করা হয়েছিল মসজিদের পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।
এদিকে একই এলাকায় পাশাপাশি অবস্থিত দুইটি মসজিদের কমিটির মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান থাকায় প্রতিপক্ষ মসজিদ কমিটির লোকজন ওই ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলোচনা চালায়। তবে কোনো সমাধানে পৌঁছানো না যাওয়ায় এলাকায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ওয়াজ মাহফিলের এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতিলতা বর্মন বলেন, ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।