ধুনট (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার ধুনট উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর হাটে অবৈধ টোল আদায় ও সংঘবদ্ধ চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (১৬ মে) সকাল ১১টার দিকে মথুরাপুর বাজার এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মথুরাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মাহবুবুর রহমান ফিরোজ।
সমাবেশে আরও বক্তব্য দেন ব্যবসায়ী জেল হোসেন ঠান্ডু, ডা. মোহাম্মাদ আলী, আমজাদ হোসেন, মাহফুজার রহমান শাহ আলী, শহিদুল ইসলাম ও মুকুল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ী নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার ঐতিহ্যবাহী মথুরাপুর হাট প্রতিবছর উপজেলা পরিষদের মাধ্যমে ইজারা দেওয়া হলেও চলতি বছর আইনি জটিলতার কারণে হাটটির ইজারা বন্দোবস্ত হয়নি। এ কারণে উপজেলা পরিষদের পক্ষ থেকে টোল আদায় কার্যক্রমও বন্ধ রয়েছে।
কিন্তু সেই সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তি অবৈধভাবে টোল আদায়ের নামে ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করছে বলে অভিযোগ ওঠে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ব্যবসায়ীদের ভয়ভীতি দেখানো, হুমকি দেওয়া ও বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বলেন, হাটে ব্যবসা করতে এসে এখন চাঁদাবাজদের দৌরাত্ম্যের শিকার হতে হচ্ছে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সমাবেশ থেকে অবৈধ চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।