এনামুল হক আপেল:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনও ঘোষণা না হলেও ভাইস-চেয়ারম্যান পদে মোঃ আব্দুর রউফ রুবেলকে প্রার্থী হিসেবে দেখতে চাওয়ার দাবি দিন দিন জোরালো হচ্ছে। উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে তার প্রতি ব্যাপক সমর্থন লক্ষ্য করা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় থাকা রুবেল ছাত্রজীবন থেকেই সংগঠনভিত্তিক রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক জীবনে ত্যাগ, সততা ও নেতৃত্বগুণের জন্য তিনি ব্যাপক পরিচিত। নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও তিনি রাজপথ ছাড়েননি। অতীতে রাজনৈতিক অস্থিরতার সময় তিনি একাধিক মামলার সম্মুখীন হন এবং শারীরিক নির্যাতনের শিকার হন। এমনকি ঢাকায় এক নির্মম নির্যাতনের ঘটনায় তিনি জীবনসংকটে পড়েছিলেন বলেও জানা যায়—যা তার সংগ্রামী জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
এছাড়া গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর কারণে তিনি স্থানীয়দের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। অনেকেই মনে করেন, একজন মানবিক, অভিজ্ঞ ও জনবান্ধব নেতা হিসেবে রুবেল নন্দীগ্রামের উন্নয়ন, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।
উপজেলার বিভিন্ন স্তরের জনগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আসন্ন নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থী হলে মোঃ আব্দুর রউফ রুবেল বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হতে পারেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে নন্দীগ্রাম একটি আধুনিক, সমৃদ্ধ ও উন্নয়নমুখী উপজেলায় রূপান্তরিত হবে।