এসবি নিউজ ডেস্ক : কুমিল্লায় রোজা রেখে জোহরের নামাজ পড়ার সময় মারা গেছেন এক বৃদ্ধ। শনিবার (১৬ মার্চ) আদর্শ সদর উপজেলার ক্যান্টনমেন্ট এলাকার নিশ্চিতপুর ২ নম্বর গেটের মৈশান বাড়ির জামে মসজিদে ওই ঘটনা ঘটে। নিহত ব্রক্তির নাম মো. মোতালেব হোসেন (৬৫)। তিনি উপজেলার নিশ্চিতপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
মসজিদে মোতালেব হোসেনের পাশে নামাজি সোলাইমান জানান, ‘তিনি আমাদের সঙ্গে জোহরের সুন্নত নামাজ শেষ করে ইমামের সঙ্গে ফরজ নামাজের নিয়ত করেন এবং প্রথম এক রাকাত ফরজ নামাজ আদায় করেন। ২য় রাকাতের সময় মোতালেব হোসেন মাটিতে লুটিয়ে পড়েন। তাড়াতাড়ি করে অন্য মুসুল্লিরা তাকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে কিন্তু এর আগেই তিনি মারা যান।’
মোতালেব হোসেনের চাচাত ভাই সোহরাব সুমন জানান, উনি রোজা রেখে মসজিদে নামাজ আদায় করতে এসেছিলেন। তিনি তার স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
সূত্র : চ্যানেল ২৪