জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যদি নির্বাচিত হই, তাহলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করা হবে। বগুড়াকে আগের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করা হবে—ইনশাআল্লাহ।
তিনি শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা মাঠে ১০ দলীয় ঐক্যজোটের আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার ও সন্ত্রাসে জড়াবে না এবং কাউকেও এসব করতে দেওয়া হবে না। তিনি বলেন, মায়েদের সম্মান আমাদের জীবনের চেয়েও বেশি। নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নারীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী ও ইচ্ছামতো কর্মক্ষেত্রে কাজ করতে পারবে এবং রাষ্ট্র তাদের সম্মান ও নিরাপত্তা দেবে।
যুবকদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা যুব সমাজকে বেকার ভাতা দিয়ে নির্ভরশীল করে রাখতে চাই না। কাজ শিখিয়ে কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে চাই, যাতে তারা সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আপনারা ‘হ্যাঁ’ ভোট দিয়ে ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করুন। দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই সাতজন প্রার্থীকে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম।
সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো আলতাফুন্নেছা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।