প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিন বাহিনীর প্রধানদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যমুনায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি হয় বলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। সূত্র জানায়, বৈঠকটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।
নাম প্রকাশ না করার শর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকটি প্রধান উপদেষ্টা আহ্বান করেননি; বরং তিন বাহিনীর প্রধানরাই স্বতঃপ্রণোদিত হয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যান।
তিনি বলেন, ‘তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠকের সময়সূচি আগেই নির্ধারিত ছিল। সেখানে মূলত আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন বা সহায়তা সংক্রান্ত বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল।’ তবে আজকের বৈঠকে সুনির্দিষ্টভাবে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে ওই কর্মকর্তা অবহিত নন।
বৈঠকটি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহল ও প্রশাসনের ভেতরে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন সংবেদনশীল অবস্থায় আছে, তেমনি আগামী জাতীয় নির্বাচন ঘিরে প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলোর ভূমিকা নিয়েও আলোচনা চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অন্তর্বর্তী সরকারের সময় সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে নির্বাচনের সময় নিরাপত্তা ও সুষ্ঠু ভোট আয়োজনের ক্ষেত্রে। সে কারণেই তিন বাহিনীর প্রধান ও প্রধান উপদেষ্টার এই বৈঠককে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড