ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে নাশকতার মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে আদালতে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) দুপুরে ধুনট থানা চত্বরে তাঁদের হাজতখানা থেকে পুলিশের গাড়িতে তোলার সময় এ স্লোগান দেওয়া হয়। এ ঘটনায় থানা চত্বরে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দ্রুত নিরাপত্তা জোরদার করে গ্রেপ্তার দুজনকে নিয়ে আদালতের উদ্দেশে রওনা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট পৌর শহরের পূর্ব ভরণশাহী গ্রামের জরিফ খানের ছেলে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান (৫২) এবং মাটিকোড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ (৩৮)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা ধুনট উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করেন বলে অভিযোগ করা হয়। পরে তাঁরা সেখানে আনন্দ-উল্লাস করেন।
এ ঘটনায় উপজেলা জাসাসের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন্নবী তালুকদার বাদী হয়ে ২০২৪ সালের ১৭ অক্টোবর ধুনট থানায় ৮১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রোববার রাতে নিজ নিজ এলাকা থেকে শরিফুল ইসলাম খান ও রুবেল মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।