
বগুড়ার কাহালুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাইকড় ইউনিয়নের পাঞ্জুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন: উপজেলার পাইকড় ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল বাছেদ এবং ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাবর আলী। এ ঘটনায় তাদের সঙ্গে থাকা মোকিম নামে আরেক ব্যক্তি আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ইউপি সদস্য আব্দুল বাছেদ ও বাবর আলী এবং মোকিম মোটরসাইকেলে উপজেলা পরিষদে দফতরের কাজে যাচ্ছিলেন। পথে দরগাহাটা-অলোড়া সড়কের পাঞ্জুয়াপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউপি সদস্য বাবর আলীর মৃত্যু হয়। গুরুতর আহত আব্দুল বাছেদ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এ বিষয়ে কাহালু থানা পুলিশের উপ-পরিদর্শক নূর ইসলাম জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। দুর্ঘটনায় আহত মোকিম কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যাওয়ায় সেটি আটক করা সম্ভব হয়নি।