বগুড়া শহরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল ) সকাল ১০টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে রেল লাইনে এ ঘটনা ঘটে।
নিহতের আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর৷ তিনি ভবঘুরে ছিলেন বলে নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খাইরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী এক যুবক গণমাধ্যমকে বলেন, এক ভবঘুরে বোতল ও প্লাস্টিকের জিনিস বস্তায় ভরে ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। কিন্তু বস্তা বড় হওয়ায় তিনি উঠতে পারছিলেন এবং তখন ট্রেন ছেড়ে দিলে তিনি ট্রেনের নিচে পড়ে যান৷ পরে তাকে সরকারি আজিজুল হক কলেজ গেইট পর্যন্ত ট্রেন টেনে হেচড়ে নিয়ে যায়।
রেলওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ খাইরুল ইসলাম গণমাধ্যমেকে বলেন, সকাল ১০টায় সান্তাহারগামী কলেজ ট্রেনে উঠতে গিয়ে অজ্ঞাত এক বৃদ্ধ কাটা পড়ে মারা গেছেন। জানতে পেরেছি তিনি ভবঘুরে ছিলেন। তবে তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি।