বগুড়ায় ডিজিটাল ওয়ালেট ও বিভিন্ন অনলাইন অ্যাপ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং অবৈধ ডিজিটাল লেনদেনের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে বগুড়া সদর থানার কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চক্রের মূলহোতা হিসেবে চিহ্নিত নাজিম উদ্দিন (৪২) এবং তাঁর দুই সহযোগী ওবায়দুর রহমান (৪০) ও নুরুল ইসলাম (৪১)।
ডিবি পুলিশ জানায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে Binance, Cross Market, Platin Passport, Abrix Labs ও Fundfx-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে লেনদেনের তথ্য পাওয়া গেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, অনলাইন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করতেন অভিযুক্তরা। পরে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে লেনদেনের আড়ালে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।