
বগুড়ায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার ৬টি উপজেলার ১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা হয়।
কেন্দ্রগুলো হলো—সোনাতলা ফাজিল মাদ্রাসা, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, খোট্রাপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, রানীরহাট উচ্চ বিদ্যালয়, সামিট স্কুল অ্যান্ড কলেজ, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বৃত্তি পরীক্ষায় ৫ম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট ৪ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের মহাপরিচালক জোবায়ের আহম্মেদ, পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব, সাবেক মহাপরিচালক সাইয়্যেদুল আলম, আব্দুর রাজ্জাক, ফিরোজ আহম্মেদ, সাবেক পরিচালক আতাউর রহমান, সদস্য সচিব তৌফিকুল তাকী, রেজিস্টার মানিক মিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন, কোষাধ্যক্ষ তালিবুল হাবিব, সার্কুলেশন লুৎফর রহমান ও কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবাহান প্রমূখ।
মহাপরিচালক জোবায়ের আহম্মেদ বলেন,
দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের এ বৃত্তি পরীক্ষা কেবল কোনো প্রতিযোগিতা নয়—এটি মেধা অন্বেষণ ও স্বপ্ন গড়ার একটি বড় প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, একটি জাতির আসল উন্নয়ন শুরু হয় শিক্ষাকে কেন্দ্র করে। যে শিক্ষায় মেধার বিকাশের পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিকতা লালিত হয়—সেই শিক্ষাই দেশের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আমাদের লক্ষ্য দেশের প্রতিটি মেধাবী শিক্ষার্থীকে সুযোগের আলোর কাছে পৌঁছে দেওয়া, যেন আর্থিক সীমাবদ্ধতা কোনো স্বপ্নকে আটকে রাখতে না পারে। দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশন ভবিষ্যতেও শিক্ষা উন্নয়ন ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করে যাবে।
পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব বলেন,
আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাক। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, সৎ মানুষ ও দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠাই আমাদের প্রধান লক্ষ্য। এই বৃত্তি কর্মসূচির মাধ্যমে যারা যোগ্যতা দেখাবে—তাদের পাশে থেকে দিকনির্দেশনা ও সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। গ্রামের প্রান্তিক শিক্ষার্থী থেকে শুরু করে শহরের ছাত্রছাত্রী—সবাই যেন সমান সুযোগ পায়, সেই স্বপ্ন নিয়েই আমরা কাজ করছি।