প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ
বগুড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর রেলস্টেশনে মিলল শিশুর সন্ধান

বগুড়ার আদমদীঘি উপজেলার পশ্চিম ছাতনী গ্রাম থেকে নিখোঁজের ২৪ ঘণ্টা পর আবু বকর সিদ্দিক (১০) নামের এক শিশুর সন্ধান পেয়েছে পরিবার। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন থেকে তাকে খুঁজে পান তার দাদা।
আবু বকর সিদ্দিক আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের রায়হান হোসেনের ছেলে। সে ছাতনী দারুল উলুম হাফিজিয়া ও নূরানী মাদ্রাসার শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) মাদ্রাসা বন্ধ থাকায় আবু বকর বাড়িতেই ছিল। সকালে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার সময় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া ও দুষ্টুমি হয়। এ সময় মা তাকে বকাঝকা করেন। পরে সকাল ১০টা থেকে ১১টার মধ্যে সে বাড়ি থেকে বের হয়ে যায়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে শনিবার সকালে আক্কেলপুর রেলস্টেশনে তাকে বসে থাকতে দেখেন তার দাদা। পরে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
শিশুটির বাবা রায়হান হোসেন জানান, পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর শনিবার আক্কেলপুর রেলস্টেশন থেকে তার ছেলের সন্ধান পান।
সম্পাদক: নজরুল ইসলাম (মিলন) || প্রকাশক: মো: মনজুরুল ইসলাম (রিপন)
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।