বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বগুড়া শহরতলীর ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বগুড়ার কাহালু উপজেলার রামপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত (১৬)।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইচ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাঁচজন যাত্রী একটি সিএনজিচালিত অটোরিকশায় করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। অটোরিকশাটি ঠেঙ্গামারা এলাকায় হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস সেটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত নিহত হন। অটোরিকশায় থাকা আরও তিন যাত্রী আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।