বগুড়ায় এম কে এ সাকিদার নামে এক ভুয়া চিকিৎসককে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তিনি শহরের সূত্রাপুর এলাকায় ‘জীবন চক্ষু চিকিৎসা কেন্দ্র’ নামে এক প্রতিষ্ঠান খুলে চিকিৎসা সেবার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছিলেন। এমন খবর পেয়ে রোববার (৩ মে ২০২৬) প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে তাকে এ জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক মেহেদী হাসান।
এ সময় সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেছা ফৌজিয়া এবং জেলা পুলিশের একটি টিম।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তর বগুড়ার সহকারি পরিচালক মেহেদী হাসান বলেন , এম কে এ সাকিদার নামে এক ব্যক্তি, যিনি মূলত পল্লী চিকিৎসক, প্রায় তিন বছর ধরে নিজেকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখছিলেন। নিজের নামের আগে ‘ডাক্তার’ উপাধি ব্যবহার করে তিনি সাধারণ রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।
এছাড়া অভিযোগ রয়েছে, মোহাম্মদ আলী হাসপাতাল-এ চিকিৎসা নিতে আসা রোগীদের দালালের মাধ্যমে তার এই প্রতিষ্ঠানে নিয়ে আসা হতো।
তিনি বলেন, অভিযানের সময় জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার আইন অনুযায়ী তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।