
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে তিন ব্যক্তি যাত্রীবেশে সান্তাহার পৌর শহরের রিকশাস্ট্যান্ড থেকে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে তাঁরা নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হেমুতখালী পার হয়ে ওই গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছলে যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা সোলাইমান আলীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এরপর তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। প্রথমে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, খবর পেয়ে সান্তাহার ফাঁড়ি পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামরুজ্জামান মিজান বলেন, আমাদের এলাকার শেষ সীমানায় হলেও ঘটনাস্থল নওগাঁয়। একারণে নওগাঁ সদর থানার পুলিশ লাশটি নিয়ে যায় এবং তারাই ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। তবে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।