বগুড়ার ফতেহ আলী বাজারে তেলাপোকা ও ছারপোকা মিশ্রিত নষ্ট মসলা বিক্রির অভিযোগে রিনী স্টোর নামে একটি মসলার দোকানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটির দুটি গোডাউন সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
রোববার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে এ মনিটরিং অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দোকানে বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ, নিম্নমানের, তেলাপোকা–ছারপোকা মিশ্রিত কিসমিস, এলাচ, দারচিনি, মৌরীসহ নানা ধরনের মসলা সংরক্ষণ ও বিক্রি করতে দেখা যায়। আরও পাওয়া যায় তেলাপোকার সংক্রমণে নষ্ট খোলা আলুর বোখরা এবং ফাঙ্গাসে ঢেকে যাওয়া কালোজিরা।
এসময় ৫৫ কার্টুন (৫৫০ কেজি) কিসমিস, ৪০ কেজি কালোজিরা, ৫ কেজি আলু বোখরা ও ১০ কেজি দারচিনি–মৌরী জব্দ করে ধ্বংস করা হয়।
পরে গোডাউন পরিদর্শনে আরও বিপুল পরিমাণে নষ্ট, মানহীন এবং খাবারের অনুপযোগী মসলা মজুত পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটিকে ছয় অঙ্কের আর্থিক জরিমানা করা হয় এবং দুটি গোডাউন সিলগালা করা হয়।
অভিযানে জেলা পুলিশের একটি চৌকস টিম সহায়তা প্রদান করে।