বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের এক এইচএসসি পরীক্ষার্থী রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে না পারার অভিযোগ উঠেছে।.
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী মোছা. সুমাইয়া আক্তারকে বৈধ প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) না থাকায় কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়।.
পরীক্ষার্থীর দাবি, কলেজে ফরম পূরণের সময় রেজিস্ট্রেশন নম্বর ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়ায় তিনি অ্যাডমিট কার্ড পাননি। এ কারণে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ হারান।.
সুমাইয়া আক্তার বলেন, “আমার ভাই অনেক কষ্ট করে পড়াশোনার খরচ চালান। কলেজে প্রয়োজনীয় ফি দেওয়ার পরও রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে আজ পরীক্ষা দিতে পারলাম না।”.
এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষের অবহেলা বা প্রশাসনিক ত্রুটির অভিযোগ তুলেছেন শিক্ষার্থী ও তার স্বজনরা। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পরীক্ষার্থীর ক্ষতি পুষিয়ে দেওয়ার দাবি জানান।.
তবে এ বিষয়ে চন্দনবাইশা ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।