বগুড়ার সবুজবাগে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আব্দুল আলিম (৪২) নামে মসজিদের এক ঈমামকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। পরে তাকে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে শহরের সবুজবাগ বেলতলা এলাকায় এই ঘটনা ঘটে।
আব্দুল আলীম সবুজবাগ বেলতলা জামে মসজিদের ইমাম এবং জামিয়া ইসলামিয়া আল আকাবা মাদ্রাসার শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, শিশুটি আল আকাবা মাদ্রাসার শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা ছুটি হলে পরিবারের কেউ শিশুটিকে নিতে যায়নি। এ সময় মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম শিশুটিকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে নিজের সঙ্গে নিয়ে যান। সেখান থেকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন এবং ভয়ভীতি দেখান। পরে শিশুটি পরিবারের কাছে ঘটনা খুলে বললে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নেওয়ার চেষ্টা করলে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আব্দুল আলীমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যও মারধরের শিকার হন ৷
আটকের বিষয়টি নিশ্চিত করে বগুড়া সদর থানা পুলিশের তদন্ত পরিদর্শক মাহফুজ আলম জানালেন, উত্তেজিত জনতার মাঝ থেকে অভিযুক্তকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে।