ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আগামী ২২ জানুয়ারি। এর আগে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান প্রার্থীদের হাতে নিজ নিজ প্রতীক তুলে দেন।
এদিন বগুড়া-৬ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক বরাদ্দ পান। তারেক রহমানের পক্ষে জেলা প্রশাসকের কাছ থেকে প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এই আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক পেয়েছেন।
অন্যদের মধ্যে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন ‘তারা’ প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ পেয়েছেন ‘হাতপাখা’, জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ‘দাঁড়িপাল্লা’ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন ‘মই’ প্রতীক।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বগুড়ার তিনটি আসনে তিনজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেন। ফলে সাতটি সংসদীয় আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রত্যাহারকারী প্রার্থীরা হলেন— বগুড়া-১ আসনে শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনে তৌহিদুল আলম এবং বগুড়া-৪ আসনে কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়া জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১০ জন।
এদিকে, বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষ প্রতীক বরাদ্দের খবরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক আবু হাসানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।