বগুড়া কালচারাল একাডেমির উদ্যোগে দিনব্যাপী এক সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় বগুড়া শহরের স্কাইভিউ রেস্টুরেন্টের চাঁদনী হলরুমে শুরু হওয়া এই কর্মশালায় সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক শিল্পী এনামুল হক।
কর্মশালার প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামী’র আমির ও বগুড়া কালচারাল একাডেমির প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের বিশিষ্ট গীতিকার, সুরকার ও শিল্পী এবং বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্রের অফিস সম্পাদক মাসুদ রানা; দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় অফিস সম্পাদক, অভিনেতা ও নাট্যকার মনিরুল ইসলাম মনির; বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মো. এমদাদুল হক এবং কবি ও গীতিকার এ কে আজাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাসেত, জেলা সেক্রেটারি ও বগুড়া কালচারাল একাডেমির উপদেষ্টা মাওলানা মানছুরুর রহমান এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও একাডেমির তত্ত্বাবধায়ক মাওলানা মিজানুর রহমান।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া কালচারাল একাডেমির দুই সহকারী পরিচালক গোলাম মোর্শেদ মিলন ও সামিউল ইসলাম।
দিনব্যাপী এই কর্মশালায় বগুড়া কালচারাল একাডেমির সকল সদস্যসহ জেলার ১১টি উপজেলার সাংস্কৃতিক দায়িত্বশীল ও শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।