
নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকায় বিশেষ ‘পিংক বাস’ সেবা চালু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপোতে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকায় ১০টি রুটে ১০টি বাস, চট্টগ্রামে একটি রুটে দুটি বাস এবং বগুড়ায় দুটি রুটে দুটি বাস চলাচল করবে। সব মিলিয়ে ১৩টি রুটে মোট ১৪টি বাস এই সেবা দেবে।
তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে আগামী দিনে এই রুট আরও প্রসারিত করা হবে, বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে এবং এখন যে পরিবেশ তারা পাচ্ছে, সেটা আরও উত্তরোত্তর সমৃদ্ধ করা হবে।’
সড়ক পরিবহনমন্ত্রী আরও বলেন, নারী যাত্রীরা যেন এই বাসে চড়তে ও যাতায়াত করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সে ব্যবস্থা নিতে হবে।
প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ রুটে ১০টি পিংক বাস চলবে। নতুনবাজার থেকে মতিঝিল, তালতলা থেকে মতিঝিল, ডেমরা থেকে জিপিও, মিরপুর-১০ ও মিরপুর-১২ থেকে মতিঝিল, মোহাম্মদপুর থেকে মতিঝিল এবং আব্দুল্লাহপুর থেকে মতিঝিলসহ বিভিন্ন রুটে এই সেবা পাওয়া যাবে।
এ ছাড়া গাজীপুর থেকে বিমানবন্দর রুটেও পিংক বাস চলাচল করবে। একই সঙ্গে বগুড়ায় দুটি রুটে দুটি পিংক বাস চলাচল করবে।
সড়ক পরিবহনমন্ত্রী জানান, ভবিষ্যতে পিংক বাসের রুট আরও সম্প্রসারণ এবং বাসের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি