বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হচ্ছে। বগুড়াসহ আশপাশের আট জেলার মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির শয্যা বৃদ্ধির প্রশাসনিক অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
গত ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়। এতে বলা হয়, শজিমেক হাসপাতাল একটি টারশিয়ারি স্তরের বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র। বর্তমানে হাসপাতালটিতে অনুমোদিত শয্যার তুলনায় রোগী ভর্তির গড় হার প্রায় ১৫৪ দশমিক ১০ শতাংশ। ক্রমবর্ধমান রোগীর চাপের কারণে ভবিষ্যতে এ হার আরও ২০ শতাংশ বাড়তে পারে।
চিঠিতে আরও বলা হয়, শয্যা সংকটের কারণে প্রতিদিন অতিরিক্ত সংখ্যক রোগীকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। বর্তমানে প্রতিদিন গড়ে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার রোগী বহির্বিভাগে চিকিৎসাসেবা নেন।
বগুড়া ছাড়াও গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরসহ আশপাশের আট জেলার রোগীরা নিয়মিত এ হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। প্রায় দুই কোটি মানুষের এই অঞ্চলে আইসিইউ, সিসিইউ, এইচডিইউসহ বিভিন্ন জটিল চিকিৎসার জন্য শয্যার চাহিদা বিদ্যমান সক্ষমতার তুলনায় অনেক বেশি।
এ অবস্থায় উত্তরাঞ্চলের বৃহৎ জনগোষ্ঠীর বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালটির শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করার প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, বর্তমানে বিদ্যমান জনবল দিয়েই হাসপাতালের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে। তবে ভবিষ্যতে সুষ্ঠু চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের ক্যানসার সেন্টারসহ অন্যান্য অর্গানোগ্রাম অনুযায়ী প্রয়োজনীয় নতুন পদ সৃষ্টি করা হবে।