মোংলা (বাগেরহাট) সংবাদদাতা: মোংলা-রামপাল (বাগেরহাট-০৩) সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে অবস্থানকালে তার মনোনয়ন নিশ্চিতের বিষয়টি মুঠো ফোনে জানিয়েছেন তিনি। এছাড়া তার ফেসবুকে তিনি মনোনয়ন পেয়েছেন বলে স্টাটাস দিয়েছেন। তাতে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ স্থানীয় নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে তার মনোনয়ন নিশ্চিতের খবর মোংলা-রামপালে ছড়িয়ে পড়ায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ-উচ্ছাসে মেতে উঠেছেন।
মোংলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও রামপাল উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী জাহিদুল ইসলামসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা বলেন, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে মনোনীত করায় দল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং যোগ্য প্রার্থীকে যথাযথ মুল্যায়ন করেছেন। কারণ লায়ন ফরিদ দীর্ঘ ১৮ বছর ধরে মোংলা-রামপালের মানুষের পাশে ছিলেন। স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন-কর্মসূচী পালন করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের হামলা-মামলা মোকাবেলা করেছেন। হামলা-মামলার শিকার নেতা-কর্মীদের পাশে ছিলেন। এছাড়া তিনি নেতা-কর্মীদের আর্থিক সহায়তা দিয়েও সার্বক্ষণিক পাশে ছিলেন। ব্যক্তি উদ্যোগে এ এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন। মানুষকে চিকিৎসা সহায়তা, দরিদ্র মানুষকে স্বাবলম্বী করতে দোকান দিয়ে দেয়া ও শেলাই মেশিন প্রদাণ, গরীব শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদাণ, অসংখ্য মানুষের ফ্রি চোখের চিকিৎসা সেবা প্রদাণ, মানুষের দুর্ভোগ লাঘবে বিভিন্ন জায়গায় সাঁকো নির্মাণ, অসহায়দের নতুন ঘর উপহার, অর্থ দিয়ে কন্যা দায়গ্রস্ত পরিবারে বিবাহের ব্যবস্থাসহ সমাজ উন্নয়ন নানাবিধ কর্মকাণ্ড চালিয়ে আসছেন তিনি। তারা আরো বলেন, এ আসনটিতে লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম অত্যন্ত জনপ্রিয়, আমরা সবাই মিলেমিশে ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে জয়ী করবো।
এর আগে ২০১৮ সালেও তিনি বিএনপির মনোনয়ন পান এ আসন থেকে। যদিও এরও আগে এ আসনটিতে নির্বাচন করতেন বিএনপি-জামায়াত জোটের জামায়াত প্রার্থী। কিন্তু এবারই প্রথম এই আসনটিতে বিএনপির ধানের শীষের মনোনয়ন পেলেন বিএনপির লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি মনোনয়ন পেয়েছি। বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের নীতিনির্ধারণী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তিনি আরো বলেন, বিএনপি একটি বিশাল পরিবার, মনোনয়ন নিয়ে দলের ভিতর প্রতিযোগিতা থাকাটা খুবই স্বাভাবিক। দলের চূড়ান্ত সিদ্ধান্ত মেনে আসুন আমরা ব্যক্তিগত পছন্দ বা ছোটখাটো বিভাজন ভুলে গিয়ে দলের জন্য একসঙ্গে কাজ করি। সবাই ঐক্যবদ্ধ থেকে সামনে থাকা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করি। এছাড়া নির্বাচনে আমি আপনাদের প্রার্থী হিসেবে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা ও কার্যকরী ভূমিকা প্রত্যাশা করছি। # #