মাদকের ভয়াবহ বিস্তার রোধ ও কথিত ৮ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে বগুড়ার শাজাহানপুরে বিক্ষোভ করেছেন একদল নারী। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছেন তারা।
রোববার (৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়া গ্রামের প্রায় অর্ধশত নারী ‘মাদকমুক্ত সমাজ চাই’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেন। এ সময় তারা মাদকবিরোধী বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা জানান, মাদকের কারণে এলাকায় চুরি-ছিনতাই বৃদ্ধি, পারিবারিক অশান্তি, নারী নির্যাতনসহ নানা সামাজিক সমস্যা তৈরি হচ্ছে। মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এমনকি পারিবারিক কলহের জেরে বিবাহবিচ্ছেদের ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তারা।
বিক্ষোভের সময় উপজেলা পরিষদ সভাকক্ষে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করছিলেন ইউএনও মো. তাইফুর রহমান। সভা শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ কার্যালয়ে ফিরলে বিক্ষোভকারী নারীরা তার কাছে স্মারকলিপি দেন। এ সময় কথিত ৮ মাদক ব্যবসায়ীর নামের একটি তালিকাও ইউএনওর কাছে দেওয়া হয়।
স্মারকলিপি দেওয়ার সময় জান্নাতুল ফেরদৌস নামের এক নারী বলেন, ‘সুজাবাদ দহপাড়া এলাকা মাদকে সয়লাব হয়ে গেছে। স্থানীয়ভাবে দেন-দরবার করেও মাদক ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। স্বামী-সন্তানকে মাদকের ছোবল থেকে রক্ষা করতেই প্রশাসনের দ্বারস্থ হয়েছি।’
শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাইফুর রহমান বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে একদল নারী লিখিত আবেদন দিয়েছেন। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হবে। পাশাপাশি মাদক প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিক ইকবাল বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ইতোমধ্যে কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।