মো: হাছিব সরদার, মোংলা : "সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়" এ স্লোগানকে সামনে রেখে মোংলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় অফিসার মো: জুবাইর হোসেন'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শাহরিয়ার আলম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি মো. আবু হানিফ, টেন স্টার সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোংলা পৌর শাখার শুরা ও কর্ম পরিষদ সদস্য মোঃ আনিসুর রহমান এবং মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান।
এসময় বক্তারা বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায় আন্দোলনকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান অতিথিরা।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সংগঠন ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির সদস্য, জনপ্রতিনিধি, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।